ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে দক্ষ, যোগ্য ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুরে আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ এবং মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের আর কখনো সুযোগ দিতে চাই না। জ্বালাও-পোড়াও আর নয়। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জ্বালানিসংকট মোকাবিলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানিসংকট নিরসনে বায়োগ্যাস একটি কার্যকর উদ্যোগ হতে পারে। বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সাধারণ খামারি ও জনগণকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদেরও সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে।

কলেজের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights