যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আদালতে বাণিজ্যিক গোপন তথ্য চুরি, ব্যাংক জালিয়াতি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং এর তিনটি সহযোগী প্রতিষ্ঠান।

মঙ্গলবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে জুরিরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের মধ্যে ১০টিতে দোষী সাব্যস্ত করেন। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ- অপরাধমূলক চক্র গড়ে তোলার ষড়যন্ত্র- থেকে অব্যাহতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, হুয়াওয়ের কর্মীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বাণিজ্যিক গোপন তথ্য ও প্রযুক্তি চুরি করেছেন। এর মধ্যে রয়েছে টি-মোবাইলের তৈরি ‘ট্যাপি’ নামের রোবটের প্রযুক্তিগত তথ্য এবং সিসকোর রাউটারের সোর্স কোড।

এছাড়া ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা পরিচালনার তথ্য গোপন করে মার্কিন ব্যাংক ও কর্মকর্তাদের বিভ্রান্ত করার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে হুয়াওয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। প্রতিষ্ঠানটির আইনজীবীরা দাবি করেন, কয়েকজন কর্মীর বিচ্ছিন্ন অনিয়মকে কেন্দ্র করে বৃহৎ ষড়যন্ত্রের অভিযোগ দাঁড় করিয়েছে মার্কিন তদন্তকারীরা। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। আগামী সেপ্টেম্বরে সাজা ঘোষণার কথা রয়েছে। প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে।

এ রায়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বেইজিংয়ের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানগুলোকে দমনের উদ্দেশ্যেই ওয়াশিংটন এমন পদক্ষেপ নিচ্ছে।

তবে হুয়াওয়ের সংকট শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়। জাতীয় নিরাপত্তার উদ্বেগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রতিষ্ঠানটির ফাইভজি সরঞ্জাম নিষিদ্ধ করে। যুক্তরাজ্য ২০২৭ সালের মধ্যে নিজেদের নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম সরানোর সময়সীমা নির্ধারণ করেছে। কানাডাও ২০২২ সালে ফাইভজি ও ফোরজি নেটওয়ার্কে প্রতিষ্ঠানটির সরঞ্জাম নিষিদ্ধ করে।

এছাড়া জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ হুয়াওয়ের সরঞ্জাম সরানোর উদ্যোগ নিয়েছে। জাপান, তাইওয়ান ও ভারতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম সীমিত করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights