অবসরের তিন বছর পর আবার মাঠে ফিরছেন বিশ্বকাপজয়ী তারকা
স্পোর্টস ডেস্ক
৪০ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ডেভিড সিলভা। হংকং প্রিমিয়ার লিগের ক্লাব শা তিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই মিডফিল্ডার।
চোটের কারণে তিন বছর আগে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ডেভিড সিলভা। তবে দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা। হংকং প্রিমিয়ার লিগের ক্লাব শা তিনের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ নম্বর জার্সি পরে খেলবেন সিলভা। দীর্ঘদিন পর ফুটবলে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার।
স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন সিলভা। ক্লাব ফুটবলে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কেটেছে ম্যানচেস্টার সিটিতে। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে খেলে চারটি প্রিমিয়ার লিগসহ একাধিক শিরোপা জেতেন তিনি।
ম্যানচেস্টার সিটি ছাড়ার পর স্বদেশি ক্লাব রিয়াল সোসিয়েদাদে যোগ দেন সিলভা। তবে ২০২৩ সালের জুলাইয়ে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) গুরুতর চোট পান তিনি। এর ছয় দিন পর, মাত্র ৩৭ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এই তারকা।
তিন বছর পর আবারও ফুটবলে ফেরার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সিলভা। শা তিনে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ক্লাবটির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুব খুশি। হংকংয়ের সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আবার ফুটবল উপভোগ করতে পারবেন ভেবেও রোমাঞ্চিত তিনি।
