অস্ত্রের ঘাটতি মেটাতে ২৪.৪ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি করলো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
মার্কিন নৌবাহিনীর জন্য ‘স্ট্যান্ডার্ড মিসাইল-৬’ (এসএম-৬) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরিতে ২৪.৪ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে পেন্টাগন। পাঁচ বছর মেয়াদী এই কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরটিএক্স-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘রেথিয়ন’-কে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে চুক্তিটির বিষয়টি নিশ্চিত করেছে।
চুক্তির শর্তানুযায়ী, পাঁচ বছরের পাশাপাশি অতিরিক্ত আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আক্রমণাত্মক হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ-উভয় মিশনেই এসএম-৬ ক্ষেপণাস্ত্র যেন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা যায়, সেই লক্ষ্যেই চুক্তিটি তৈরি করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে অস্ত্র প্রস্তুতকারক ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়ানোর জন্য ট্রাম্প প্রশাসন যে জোরালো চাপ দিয়ে আসছে, এই নতুন চুক্তিকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। চলতি বছর এএমআরএএএম (AMRAAM) ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বহু-বছর মেয়াদী চুক্তি এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর চুক্তির পর এটি পেন্টাগনের অন্যতম বড় সামরিক চুক্তি।
তবে শিল্প খাতের উচ্চপদস্থ নির্বাহীরা জানিয়েছেন, মার্কিন কংগ্রেস এখনো এই চুক্তিগুলোর জন্য প্রয়োজনীয় বাজেট বা তহবিল অনুমোদন করেনি। ফলে আইনপ্রণেতারা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের কাঙ্ক্ষিত বিনিয়োগ বা উৎপাদন বাড়াতে সাময়িক বিলম্বের মুখে পড়তে পারে।
অন্যদিকে, আরটিএক্স জানিয়েছে যে তারা থেমে নেই। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মেটাতে তারা ইতোমধ্যে নিজস্ব কর্মী বাহিনী সম্প্রসারণ এবং বিশ্বজুড়ে সরবরাহ চেইনের অংশীদারিত্ব শক্তিশালী করতে বিপুল পরিমাণে নিজস্ব অর্থ বিনিয়োগ করেছে।
সূত্র: আল-জাজিরা।
