উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হলো গুলিবিদ্ধ ফাহিমকে

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুজন অ্যাটেনডেন্টসহ (বাবা ও মা) সরকারি খরচে তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফাহিম হাসানকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। সঙ্গে যাওয়া অ্যাটেনডেন্টদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন আট লাখ টাকা দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ বিমান ফাহিমের সঙ্গে যাওয়া দুজন অ্যাটেনডেন্টের বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকিটসহ সাতটি বিমান টিকিট দিয়ে সহায়তা করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আব্দুর রশিদ (ভজনপুর, পঞ্চগড়) নামের এক দিনমজুরকে চিকিৎসা সহায়তা বাবদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া যেসব ব্যক্তি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে।

পাশাপাশি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুই ছাত্র মো. আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে চিকিৎসা সম্ভব নয়, এমন আহতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে বলা হয়েছে। এ ধরনের আহতদের শনাক্ত করা গেলে প্রয়োজন সাপেক্ষে তাদেরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

যে সকল ব্যক্তি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের আরও উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights