কলকাতায় আসছেন সালমান খান, দেখা করবেন মমতার সাথেও

অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রায় ১৩ বছর পর কলকাতায় আসছেন বলিউড অভিনেতা সালমান খান। আগামী শনিবার (১৩ মে) কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। শুধু সালমান খান নয়, তার সাথে বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী পারফর্ম করবেন ওই মেগা শোতে। যার মধ্যে অন্যতম পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা, কামাল খান এবং পপ তারকা গুরু রণধাওয়ার মতো সেলিব্রেটিরা। সন্ধ্যা ৬টায় শুরু হবে শো।

জানা গেছে, শনিবার সকালের দিকে কলকাতার মাটিতে পা রাখবেন সালমান। এরপর মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেই সন্ধ্যায় শোতে উপস্থিত থাকবেন।

টুইট বার্তায় বৃহস্পতিবার সালমান-মমতার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।
শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘দাবাং দ্যা টুর’- রিলোডেড। এই শো-এর টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার নামক একটি সংস্থা। ইতোমধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তবে শনিবারের অনুষ্ঠানে তার কোনো প্রভাব পড়বে না বলে আগেই জানিয়েছেন সালমান। তবুও নিরাপত্তায় কোনোরকম কমতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। স্বাভাবিকভাবে সালমানের অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights