কুমিল্লায় ‘শ্যামল স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স ১০’ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেফতার
অনলাইন ভার্সন
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের বিশেষ অভিযানে ‘শ্যামল স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স ১০’ নামের তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স হলে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানা এলাকার ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০); চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাকির আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘পিএক্স ১০’ (PX 10) গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
