খামেনির শেষকৃত্যে নজিরবিহীন নিরাপত্তা: আকাশপথ বন্ধ, মোড়ে মোড়ে চেকপোস্ট

অনলাইন ডেস্ক
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দীর্ঘ প্রতীক্ষিত শেষকৃত্য উপলক্ষে রাজধানী তেহরানজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার ভোর থেকেই শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর গাড়ি। এছাড়া রাস্তার পাশে নানা পোস্টার ও স্টল চোখে পড়ছে।

নিরাপত্তা ও বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের কেন্দ্রস্থলে ব্যক্তিগত গাড়ি চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, শুক্রবার তেহরানের আকাশপথ আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ থাকবে।

খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। তার মরদেহ ইতিমধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, এই শেষকৃত্যে প্রায় ২ কোটি মানুষ অংশ নেবেন। এটি হতে যাচ্ছে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। এই আয়োজনের জন্য তেহরান, কওম এবং মাশহাদ শহরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বিদেশি সামরিক হামলার বিরুদ্ধে জাতীয় শক্তি, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং ঐক্যের প্রতীক হিসেবে ৬ দিনব্যাপী এই শেষকৃত্যের আয়োজন করেছে কর্তৃপক্ষ। তেহরানের পর কওম এবং মাশহাদে শেষকৃত্যের পরবর্তী আনুষ্ঠানিকতা চলবে। শেষে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইসরায়েলের যুদ্ধের প্রথম দিনের হামলায় খামেনি নিহত হন। ওই হামলায় তার মেয়ে, নাতনি, জামাতা এবং পুত্রবধূও মারা যান। এছাড়া ওই দিন ইরানের আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাও নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights