গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকায় জবাইকৃত ঘোড়ার মাংস ও ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সহায়তায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, অভিযানের খবর পেয়ে ঘোড়া জবাই চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘ঘোড়াগুলো জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল। যেহেতু কাউকে আটক করা যায়নি, তাই উদ্ধারকৃত ঘোড়া ও জব্দকৃত মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে। বুধবার সকালে সেগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন হারুন-রোমান জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলোর বেশিরভাগই অসুস্থ এবং জব্দকৃত মাংসে টক্সিন পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, ‘ঘোড়ার মাংসে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। তাই কেউ যেন এ মাংস ক্রয় বা গ্রহণ না করেন— সে বিষয়ে সবাইকে সতর্ক করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights