দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু মানুষ
অনলাইন ডেস্কc
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমা পুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনার পর ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠানো হয়। বর্তমানে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। স্থানীয় কয়েকজনকে হাত দিয়ে পাথর ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারে সহযোগিতা করতেও দেখা গেছে।
এদিকে, দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং ভিড় না করার অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। সেই ঘটনার এক মাসের মধ্যেই রাজধানীতে ফের বহুতল ভবন ধসের ঘটনা ঘটল।
