নতুন প্রজন্মকে নজরুলের মানবতার চেতনায় গড়ে তুলতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

কাজী নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার নজরুল বর্ষ উপলক্ষে জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আয়োজিত দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্য, সংগীত, কবিতা ও মানবতাবাদী দর্শন আমাদের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। তাঁর বহুমাত্রিক সৃষ্টিশীলতার আলোকে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নজরুলের গান, কবিতা, নৃত্য ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলছে।

তিনি বলেন, এসব প্রতিযোগিতা আগামী বছরের মে মাস পর্যন্ত চলবে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও সংগীতের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী লোকজ উৎসব ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব আয়োজনের মাধ্যমে লালন শাহ, হাসন রাজা, শাহ আবদুল করিমসহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত, লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাকে আরও বিকশিত ও সংরক্ষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সৃজনশীল বিকাশের সুযোগ সৃষ্টি করাও এসব আয়োজনের অন্যতম লক্ষ্য।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংস্কৃতিকর্মী, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ মেলায় স্থানীয় লোকজ ঐতিহ্য, সংগীত ও সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights