নির্বাচনে হারলে জামায়াত অপপ্রচার শুরু করে: এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, নির্বাচনে হেরে গেলে জামায়াত ‘পাগলামি’ শুরু করে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের একটি সীমা থাকা উচিত। অন্যথায় তারা জনগণের ক্ষোভের মুখে পড়বে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, গতকাল ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ‘বটবাহিনী’র মাধ্যমে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তার দাবি, নির্বাচনে পরাজিত হলেই তারা এ ধরনের আচরণ করে।

নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে—যেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানে দ্রুত তা ফেলে ভাঙন রোধের কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা ডিও লেটারের মাধ্যমে বিষয়টি জানালে সরকার গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights