ফাইনালে আজ মুখোমুখি ড্যাফোডিল-এআইইউবি

আবু নাঈম তরুণ

ড্যাফোডিল-এআইইউবিএবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অপ্রতিরোধ্য জয়রথ ছুটছেই। সেমিফাইনালে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে ডিআইইউ। গ্রুপ পর্বে টানা চার জয়ে উড়তে থাকা ড্যাফোডিল সেমিফাইনালেও ধরে রাখল সেই ধারাবাহিকতা। অপর সেমিফাইনালে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণে ওঠে দুই দল। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণে বাধা পেয়ে নিশ্চিত গোলের দেখা পায়নি কেউই। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলেও গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই পক্ষই। অবশেষে ম্যাচের ৬০ মিনিটে কাঙ্ক্ষিত ডেডলক ভাঙেন ড্যাফোডিলের নাইজেরিয়ান বংশোদ্ভূত শিক্ষার্থী সালিসু দাউদা। তাঁর লক্ষ্যভেদে গ্যালারিতে শুরু হয় ড্যাফোডিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সোনারগাঁও ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালালেও ড্যাফোডিলের জমাট রক্ষণ চূর্ণ করতে পারেনি। ম্যাচের শেষ মুহূর্তে সোনারগাঁওয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুয়েল। পেনাল্টি থেকে দারুণ শটে গোল করে ড্যাফোডিলের ২-০ ব্যবধানের জয় সুনিশ্চিত করেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়ে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে এবার স্বপ্নের ট্রফি ছোঁয়ার অপেক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ম্যাচসেরার পুরস্কার জেতেন সালিসু দাউদা। তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় আক্রমণ ও পাল্টা আক্রমণে শুরু হয় দুই দলের লড়াই। তবে ম্যাচের প্রথম গোলটি আসে ১৮ মিনিটে। একাই বল নিয়ে ডি-বক্সের ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করেন রাশিদুল। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে সফলতার মুখও দেখে তারা। ৩২ মিনিটের কর্নার কিক থেকে হেডে গোল করেন আবদুল্লাহ আল রানা। তার গোলে সমতায় ফিরে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আবার আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলতে থাকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দুই দলই একাধিকবার গোলের সুযোগ পায়, কিন্তু কাজে লাগাতে পারেনি। দুই দলের গোলকিপার দারুণ সব গোল সেভ করেন। ১-১ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার জেতেন মো. মেহেদি। জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি ও জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর হাসান তার হাতে পুরস্কার তুলে দেন। আজ বিকাল ৫টায় কিংস অ্যারিনায় ফাইনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল ১০ ও রানার্সআপরা পাবে ৫ লাখ টাকা পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights