বিষাক্ত ধোঁয়ায় বন্ধ মালয়েশিয়ায় স্কুল, দূষণের উৎস ইন্দোনেশিয়ার দাবানল

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার বনাঞ্চলে দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জরুরি পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক এক বিবৃতিতে জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে রাজ্য ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুর মান বিবেচনায় কোথাও স্কুল পুরোপুরি, আবার কোথাও আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে স্কুল বন্ধের সিদ্ধান্ত আগেভাগে জানানো হবে, যাতে অভিভাবকেরা প্রস্তুতি নিতে পারেন।

কুয়ালালামপুরে বায়ুদূষণের মাত্রা এখনো ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার শহরটির বায়ুদূষণ সূচক (এপিআই) ছিল ১৭০। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম বৃহস্পতিবার বলেছেন, সূচক ১৫০ বা তার বেশি হলে স্কুল বন্ধ করা উচিত। সূচক ২০০ ছাড়ালে পরিস্থিতিকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০ ছাড়ালে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের হিসাবে, কুয়ালালামপুর বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে। প্রতিবেশী সিঙ্গাপুরের পর শহরটি বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

আগস্ট থেকে ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ধোঁয়া ও দূষণ মোকাবেলায় ব্যবস্থা নিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্মত হয়েছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: ডয়চে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights