ভারতে কারাভোগ শেষে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
বেনাপোল প্রতিনিধি
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে ১০ বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠিয়েছে পেট্রাপোল প্রশাসন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে। এ সময় বিএসএফ, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে ফেরত আসা নারীরা হলেন- সাবিনা বেগম, নুরবানু , টুম্পা বেগম, মোছাম্মাদ হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার, শিরিনা খাতুন ও সুমি খাতুন। তারা নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশি এসব নারীরা দালালের মাধ্যমে বিভিন্ন সময় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে দেশের পুনে রাজ্যে যান। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের দুই থেকে সাড়ে তিন বছর মেয়াদে সাজা দেয়।
পরে পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ জন বাংলাদেশি নারীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
