মাদারীপুরে নদী রক্ষা ও বালু উত্তোলন বন্ধে ছাত্রদলের স্মারকলিপি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল।

রবিবার জেলা প্রশাসক মর্জিনা আক্তারের কার্যালয়ে গিয়ে তার হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিয়মিত অভিযান পরিচালনা এবং নদী রক্ষায় প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানানো হয়। ছাত্রদল নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। হুমকির মুখে পড়ছে নদীতীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। নদী রক্ষায় প্রশাসনকে কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে।’

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে। নদী ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে এ বিষয়ে কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য সুপারিশ না করার বিষয়টি স্মরণ করিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights