শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার বৈঠক

বাসস

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে যুক্তরাজ্যের ‘ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড’-এর ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্র্যাটেজি ডেলিভারি লিড জোনাথন লেজারের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের লন্ডনে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, চাকুরির বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) ব্যবস্থার আধুনিকায়নে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কেমব্রিজ পার্টনারশিপ ফর এডুকেশনের পিয়ারসন এবং যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দও অংশগ্রহণ করেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান সরকারের অগ্রাধিকারের বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেন।

তারা বিশেষ করে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, তাদের চাকুরির বাজারের জন্য যোগ্য করে গড়ে তোলা, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিঙ্কেজ) জোরদার করা এবং বাজার-চাহিদা অনুযায়ী আধুনিক কারিকুলাম ও কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি জোনাথন লেজার বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় চাহিদা এবং অগ্রাধিকারের সাথে সঙ্গতি রেখে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে তাদের কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন।

আলোচনায় উভয় পক্ষই শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পথ উন্মুক্ত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল এবং যুক্তরাজ্যের শিক্ষা ও বাণিজ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights