হকিতে ৯০ দিনের মধ্যেই নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর নির্দিষ্ট সময়ে নির্বাচন দিয়েছে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এমন নজির খুব কমই রয়েছে। নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা। অন্তর্বর্তী সরকার আমলে হকি ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। এতে হকি অঙ্গনে স্বস্তি নেমে এসেছিল। কেননা নির্বাচিত কমিটি স্বৈরতান্ত্রিক পন্থায় ফেডারেশন পরিচালনা করায় হকিতে স্থবিরতা নেমে এসেছিল। অনিয়মই তখন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। অ্যাডহক কমিটি গঠন করায় ক্রীড়ামোদীরা আশায় ছিলেন নতুন উদ্যোগে হকিতে প্রাণ ফিরবে।

না, স্বস্তি পাওয়ার মতো কোনো কিছুই চোখে পড়ছিল না। ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা থাকলেও তা তারা তোয়াক্কা করেননি। এক বছরের বেশি সময় পার করে দিলেও অগ্রগতি ঘটেনি। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল ছিল অ্যাডহক কমিটির প্রথম সভা। ফ্যালকন হলে অনুষ্ঠিত সেই সভায় ঘোষণা এসেছে ৯০ দিনের মধ্যে হকি ফেডারেশনের নির্বাচনের ব্যবস্থা করা হবে। কার্যপরিষদের সভায় সভাপতিত্ব করেন বিমান বাহিনীর প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সভার শুরুতেই হকির কিংবদন্তি আবদুস সাদেকের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফেডারেশনের সভাপতি সভার শুরুতেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে ৯০ দিনের মধ্যে হকির নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা দেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েই ইশতিয়াক সাদেক মিডিয়াকে জানিয়েছিলেন, তাদের কমিটির প্রধান কাজই হবে সঠিক সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। গতকাল নির্বাহী কমিটির সভা শেষে পুনরায় তা তুলে ধরলেন সাংবাদিকদের কাছে। দায়িত্ব নেওয়াপর পর ২০-২৫ দিনের সময় পার হয়ে গেছে। এর মধ্যেই নতুন কমিটির বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে।

ইশতিয়াক সাদেক বলেন, ‘৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে কাজ শুরু করে দিয়েছি। কমিটির দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে নিতে। আমরা চাই হকিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।’ ফেডারেশনের প্রথম সভায় ১২টি সাব কমিটি গঠন হয়েছে। লিগ আয়োজনে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী মাসেই মাঠে গড়াতে পারে প্রথম বিভাগ লিগ। অতীতে যাই ঘটুক না কেন, বর্তমান অ্যাডহক কমিটি হকিতে সুস্থ পরিবেশ তৈরি করতে চায়। বিশেষ করে সাধারণ সম্পাদক হকি জাগাতে যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তা হকি ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights