৭ মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, ৩ দিনের রিমান্ডে বাবা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ফাইল ছবি

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার মামলায় বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রিমান্ডের আদেশ দেন।

৭ মাস বয়সি রাফা মনি কবিতাকে গেল ১৫ জুলাই সন্ধ্যায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। সাধারণ জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গেল ১৬ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। রাফা মনিকে আছড়ে হত্যার ঘটনায় ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালাগাল করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights