অর্থনীতির নতুন করিডর
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
কর্ণফুলী টানেল, চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে নির্মিত হচ্ছে ৫৮ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়ক। সড়কটি চালু হলে কর্ণফুলী টানেল থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে যাতায়াতের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার কমবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া ও চকরিয়া এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে শুরু হয়ে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়কটি নির্মাণ করা হবে। ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। প্রকল্পের আওতায় বিদ্যমান সড়কের প্রায় ১৮ ফুট প্রশস্ত অংশ ৩৪ ফুটে উন্নীত করা হবে। সড়কটি হবে স্ট্যান্ডার্ড দুই লেনের।
সংশ্লিষ্টদের মতে, নতুন সড়কটি শুধু মাতারবাড়ী বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ করবে না, দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোর জন্যও বিকল্প পরিবহন করিডর তৈরি করবে। বর্তমানে কর্ণফুলী টানেল ব্যবহার করে মাতারবাড়ী যেতে আনোয়ারা, শিকলবাহা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও চকরিয়া হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। নতুন সড়ক চালু হলে এ পথের দূরত্ব ও সময় কমবে। একই সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর চাপ কমবে। আনোয়ারা পেশাজীবী পরিষদের সদস্য এস এম মঈন উদ্দীন আজাদ বলেন, টানেল-মাতারবাড়ী সড়ক নির্মিত হলে বন্দরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। আনোয়ারা থেকে মাতারবাড়ী পর্যন্ত আরও বড় শিল্পকারখানা গড়ে উঠতে পারে। এতে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল ও মাতারবাড়ীকে কেন্দ্র করে সমন্বিত যোগাযোগব্যবস্থাও গড়ে উঠবে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। পুরো কাজ ছয়টি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে তিনটির কার্যাদেশ দেওয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে বন বিভাগের মাধ্যমে কালাবিবির দিঘির মোড় এলাকায় গাছ কাটার কাজও শুরু হয়েছে। এসব কাজ শেষ হলে মূল সড়ক নির্মাণ শুরু হবে। আগামী ডিসেম্বরে মূল নির্মাণকাজ শুরু করার আশা করছেন তাঁরা।
কর্ণফুলী টানেল চালুর পর দক্ষিণ চট্টগ্রামে জমির দাম বৃদ্ধি, নতুন শিল্পকারখানা স্থাপন এবং ব্যাংকের শাখা সম্প্রসারণসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবর্তন দেখা যায়। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এ অগ্রগতিতে কিছুটা স্থবিরতা আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নতুন আঞ্চলিক মহাসড়কের প্রকল্প বাস্তবায়ন শুরু হওয়ায় আবারও বিনিয়োগ ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সড়কটি চালু হলে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম বন্দর ও দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চলের মধ্যে পণ্য পরিবহনে নতুন সংযোগ তৈরি হবে। এতে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি দেশের পূর্বাঞ্চলের বাণিজ্যিক যোগাযোগেও নতুন মাত্রা যুক্ত হতে পারে।
