আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার

অনলাইন ডেস্ক

আইপিএলের আগামী আসরের মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তবে জানা গেছে, তালিকায় নেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে এই নিলাম।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

আইপিএলের গত আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের বিভিন্ন গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতীয় বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।

এবারের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট এক হাজার ২২০ ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার দল পেতে পারেন, যার মধ্যে বিদেশি থাকবেন ২৫ জন।

তবে প্রাথমিক তালিকায় থাকা সবাই নিলামে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম জমা দিতে হবে। এরপর তালিকা সংক্ষিপ্ত করে নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত তালিকা ও খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের প্রাথমিক তালিকায় সবচেয়ে আলোচিত নাম ইংল্যান্ডের বেন স্টোকস। তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। ২০২৫ সালের মেগা নিলামে অংশ না নিলেও আসন্ন মিনি নিলামে নাম নিবন্ধনের বিশেষ অনুমতি পেয়েছেন তিনি।

সূত্র: ক্রিকবাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights