আর্থিক নিরাপত্তার নির্ভরযোগ্য অবলম্বন হতে পারে সর্বজনীন পেনশন : সমাজকল্যাণ মন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন
আর্থিক নিরাপত্তার নির্ভরযোগ্য অবলম্বন হতে পারে সর্বজনীন পেনশন : সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কর্মজীবনের ব্যস্ততা একদিন থেমে যায়। কিন্তু জীবনের প্রয়োজন থেমে থাকে না। কর্মক্ষম সময়ের উপার্জন যখন স্তিমিত হয়ে আসে, তখন মানুষের পাশে আর্থিক নিরাপত্তার নির্ভরযোগ্য অবলম্বন হয়ে উঠতে পারে সর্বজনীন পেনশন ব্যবস্থা। সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে অবসরকালীন আর্থিক সুরক্ষার বলয়ে নিয়ে আসার প্রত্যয়ে এ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও এর আওতায় আনতে হবে। কর্মজীবনের সঞ্চয় যেন জীবনের শেষ প্রান্তে আর্থিক স্বস্তির ভিত্তি হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সর্বজনীন পেনশন ব্যবস্থাকে জনসম্পৃক্ত করা জরুরি।
মেলার উদ্বোধন শেষে সরকারি ও বেসরকারিসহ ৫০টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। উদ্বোধনের পর প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মেলা উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম সচিব শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম হাবিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান।
