ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভিকেও ক্ষমতায় বসাবেন না ট্রাম্প!

অনলাইন ডেস্ক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্রতর হওয়ার মুখে দেশটির নির্বাসিত ‘ক্রাউন প্রিন্স’ রেজা পাহলভির সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন এখনই ইরানের শাসনক্ষমতার পরিবর্তনে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সমর্থন দিতে প্রস্তুত নয় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার হিউ হিউইট শো পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পাহলভি একজন ভালো মানুষ হলেও প্রেসিডেন্ট হিসেবে এই মুহূর্তে তার সঙ্গে বৈঠক করাটা যথাযথ হবে না। ট্রাম্পের মতে, ইরানে রাজনৈতিক পটপরিবর্তন হলে কাকে নেতা হিসেবে বেছে নেওয়া হবে, তা জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত।

রেজা পাহলভি মূলত ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শেষ শাহের ছেলে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাহলভি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি ইরানে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার প্রস্তাব দিলেও ট্রাম্পের বর্তমান অবস্থানে স্পষ্ট যুক্তরাষ্ট্র এখনই তাকে সমর্থন দিচ্ছে না।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরানে দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত চলমান বিক্ষোভ দমনেই কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের বর্তমান অস্থিরতার মূলে রয়েছে চরম অর্থনৈতিক সংকট। মার্কিন নিষেধাজ্ঞার মুখে স্থানীয় মুদ্রা রিয়ালের মান পড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এই বিক্ষোভ কেবল অর্থনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ থাকলেও দ্রুত তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় বা হত্যাযজ্ঞ চালায়, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোরভাবে তার জবাব দেবে। অন্যদিকে রেজা পাহলভি এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ইউরোপীয় নেতাদেরও ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights