‘ওয়ার ২’ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন পরিচালক, বললেন ‘ছবিটি ছিল আরেকজনের’
শোবিজ ডেস্ক
বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। এবার ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুললেন পরিচালক অয়ন মুখার্জি। স্বীকার করলেন, ছবিটি নিয়ে তার প্রত্যাশা পূরণ হয়নি। এমনকি রণবীর কাপুরের সঙ্গে কাজ চালিয়ে যাওয়াই হয়তো তার জন্য ভালো সিদ্ধান্ত হতো বলেও মন্তব্য করেছেন এই পরিচালক।
সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর একটি আলোচনা সভায় ‘ওয়ার ২’ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অয়ন। সেখানে নিজের আগের ছবিগুলোর সঙ্গে এই ছবির কাজের পার্থক্য তুলে ধরেন তিনি। পাশাপাশি ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার বিষয়টিও অকপটে স্বীকার করেন।
অয়ন বলেন, রণবীরকে ছাড়া আমি একটি ছবি করেছি, সেটি ‘ওয়ার ২’। ছবিটি খুব একটা ভালো ফল করেনি। তাই হয়তো রণবীরের সঙ্গেই কাজ চালিয়ে যাওয়া আমার জন্য ভালো হতো!
পরিচালকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ, ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিতে রণবীর কাপুরের সঙ্গে কাজ করেছেন অয়ন। তাদের এই জুটি দর্শকদের কাছেও পরিচিত। অন্যদিকে, ‘ওয়ার ২’ ছিল অয়নের পরিচালনায় সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি প্রকল্প।
ছবিটির ব্যর্থতা প্রসঙ্গে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন পরিচালক। তার কথায়, ‘ওয়ার ২’ একটি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি হলেও এর মূল গল্প তার নিজের লেখা ছিল না। তিনি কেবল পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। অয়ন বলেন, যদিও ‘ওয়ার ২’ একটি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি, তবে এটি আমার লেখা কোনো ছবি ছিল না। আমি শুধু পরিচালনা করেছি। তাই অভিজ্ঞতাটা ছিল সম্পূর্ণ আলাদা।
এরপর ছবিটির সৃজনশীল নিয়ন্ত্রণ এবং নির্মাণপ্রক্রিয়া সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন পরিচালক। তার বক্তব্য, ‘ওয়ার ২’-এর মূল পরিকল্পনা ও সৃজনশীল ভিত্তি তৈরি করেছিল যশরাজ ফিল্মস। প্রথম ‘ওয়ার’ ছবির লেখকেরাই এই ছবির গল্প ও চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি প্রথম ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিকল্পনা এবং প্রযোজক আদিত্য চোপড়ার নেতৃত্বেই প্রকল্পটি এগিয়েছিল।
অয়নের কথায়, আমি এমন একটি ছবি পরিচালনা করতে এসেছিলাম, যার সৃষ্টির মূল ভিত্তি ছিল অন্যদের হাতে। ছবিটির মূল ভাবনা ছিল যশরাজ ফিল্মসের। প্রথম ‘ওয়ার’-এর লেখকেরা এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর সঙ্গে যুক্ত ছিলেন। সবকিছুই হয়েছে আদিত্য চোপড়ার নেতৃত্বে।
তবে অন্যের পরিকল্পনায় তৈরি ছবি পরিচালনা করলেও নিজের দায়িত্ব পালনে কোনো কমতি রাখেননি বলে জানিয়েছেন অয়ন। তিনি বলেন, আমি ‘ওয়ার ২’-এর জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু ছবিটি আসলে অন্য কারও ছিল। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি, কিন্তু ছবিটি থেকে যে ফলাফল আশা করেছিলাম, তা শেষ পর্যন্ত পাইনি।
উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার ২’। ছবিতে সাবেক ‘র’ এজেন্ট কবীর ধালিওয়ালের চরিত্রে আবারও অভিনয় করেন হৃতিক রোশন। অন্যদিকে, ছবির খলনায়কের ভূমিকায় দেখা যায় জুনিয়র এনটিআরকে। এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর পর সিক্যুয়েলটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেকটাই বেশি। কিন্তু মুক্তির পর বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি।
ছবির ব্যর্থতা নিয়ে এর আগে মুখ খুলেছিলেন হৃতিক রোশনও। মুক্তির কয়েক মাস পর একটি অনুষ্ঠানে তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, টাক্সিডো পরিহিত হৃতিক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। পাশে থাকা সঞ্চালক তাকে সুপারস্টার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে দর্শকদের করতালি দেওয়ার আহ্বান জানান।
সঞ্চালক বলেন, সুপারস্টারের জন্য জোরে করতালি হোক। উত্তরে হৃতিক মৃদু রসিকতার সুরে বলেন, আপনারা খুবই দয়ালু। আমার ছবিটি তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। ধন্যবাদ!
হৃতিকের এই মন্তব্য থেকেও স্পষ্ট হয়েছিল, ছবির বাণিজ্যিক ফলাফল নিয়ে তিনি নিজেও হতাশ। এবার পরিচালকের মুখেও একই ধরনের আক্ষেপ শোনা গেল।
অন্যদিকে, অয়ন মুখার্জি মূলত আবেগনির্ভর ও তরুণ প্রজন্মের গল্প বলার জন্য পরিচিত। ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবির মাধ্যমে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে তার কাজ দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। তাই ‘ওয়ার ২’-এর ব্যর্থতার পর রণবীরের সঙ্গে কাজ করার প্রসঙ্গে পরিচালকের এমন মন্তব্য নতুন করে তাদের জুটিকে আলোচনায় নিয়ে এসেছে।
সূত্র: মিড-ডে
