ক্যালিফোর্নিয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগে বিমানটির পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তবে তিনি সামান্য আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন মেরিন কোর। খবর টাইমস অব ইসরায়েলের।

মেরিন কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তার প্রাণঘাতী নয়—এমন আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের আশপাশে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে ধুলোমাখা একটি মাঠ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনাস্থলে সামরিক ও দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং কর্মী উপস্থিত ছিলেন। মাটিতে অগ্নিনির্বাপক রাসায়নিক ছড়িয়ে থাকতেও দেখা যায়।

সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, দুর্ঘটনাস্থলের কাছে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করেছেন। দুর্ঘটনার বিস্তারিত তথ্যের জন্য তিনি মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

মিরামার ঘাঁটিটি মার্কিন সামরিক বিমান চলাচলের ইতিহাসেও গুরুত্বপূর্ণ। একসময় এখানেই ‘টপ গান’ চলচ্চিত্রে চিত্রিত মার্কিন নৌবাহিনীর ফাইটার পাইলট প্রশিক্ষণ স্কুল ছিল। ঘাঁটিটি তখন ‘ফাইটারটাউন ইউএসএ’ নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে ঘাঁটিটি মেরিন কোরের কাছে হস্তান্তরের পর প্রশিক্ষণ স্কুলটি নেভাডার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়।

মেরিন কোর জানিয়েছে, শুক্রবারের দুর্ঘটনাটিকে ‘ক্লাস-এ’ দুর্ঘটনা হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবস্থায় বিমান ধ্বংস হয়ে গেলে, ২০ লাখ ডলারের বেশি ক্ষতি হলে কিংবা কোনো সামরিক সদস্য নিহত হলে দুর্ঘটনাকে সাধারণত ক্লাস-এ হিসেবে বিবেচনা করা হয়।

এফ-৩৫ যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান। মার্কিন মেরিন কোর, নৌবাহিনী ও বিমান বাহিনীর কাছে ২০২৪ সাল পর্যন্ত ৬৩০টির বেশি এফ-৩৫ থাকার তথ্য রয়েছে। এফ-৩৫বি সংস্করণটি স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং প্রায় উল্লম্বভাবে অবতরণের সক্ষমতার জন্য বিশেষভাবে তৈরি।

একটি এফ-৩৫বি যুদ্ধবিমানের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

মার্কিন এয়ার ফোর্স সেফটি সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে শুধু মার্কিন বিমান বাহিনীর বহরে থাকা এফ-৩৫ নিয়ে অন্তত ১৭টি ক্লাস-এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights