চট্টগ্রামে চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মো. হৃদয় নগরের কোতোয়ালী থানার গোয়ালপাড়া তুলাতুলি বস্তির মো.মাসুদের ছেলে।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, কোতোয়ালী থানার চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
