চট্টগ্রাম ওয়াসার বকেয়া দিতে উদাসীন সরকারি ৪৬ সংস্থা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার বর্তমান মোট বকেয়া প্রায় ২৫৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি ৪৬ সংস্থার কাছে পাওনা ৩০ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার ৬৫১ টাকা। ওয়াসা নানা কর্মসূচির মাধ্যমে বেসরকারি গ্রাহকদের বকেয়া আদায় করতে পারলেও সরকারি সংস্থাগুলো উদাসীন। বারবার চিঠি দেওয়ার পরও সরকারি সংস্থাগুলোর সাড়া মিলছে না। সবচেয়ে বেশি পাওনা আছে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে- ৮৯টি সংযোগে মোট বকেয়া ১ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা।

জানা যায়, কোনোভাবেই বকেয়াগুলো আদায় করা যাচ্ছে না। ফলে ওয়াসার উন্নয়ন কাজে আর্থিক বাধা তৈরি হয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ওয়াসার উন্নয়ন ও পরিচালনায় রাজস্ব খাতের আয় বড় সহায়ক। কিন্তু দীর্ঘদিন ধরে বড় অঙ্কের বকেয়া আটকে আছে। আমরা চেষ্টা করছি সরকারি বকেয়াগুলো দ্রুত আদায় করতে। ওয়াসা সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন সংস্থার কাছে বকেয়ার মধ্যে গৃহায়ন ও গণপূর্তের কাছে ১২ কোটি ৮ লাখ টাকা, বাংলাদেশ পুলিশের কাছে ৩ কোটি ৬৬ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে ১ কোটি ৩০ লাখ, সড়ক ও জনপথের কাছে কোটি ২১ লাখ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ১ কোটি ২২ লাখ, স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কাছে ১ কোটি ১৭ লাখ, চট্টগ্রাম মেডিকেল কলেজের কাছে ৫১ লাখ, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭০ লাখ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৫২ লাখ, প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছে ৪৫ লাখ টাকা উল্লেখযোগ্য। জানা যায়, বর্তমানে ওয়াসার মোট গ্রাহক ১ লাখ ৪ হাজার ৫১১টি। এর মধ্যে প্রায় ৯৩ শতাংশই আবাসিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights