ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সকাল সাড়ে ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি নগরীর আন্দরকিল্লা এলাকার দোকানদার ছিলেন। ইসমাইল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ বাড়ির মৃত আজম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
মোহাম্মদ ইসমাইলের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ১৫ দিন আগেই তিনি জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসা গ্রহণের পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আম্মদ নবীর ছেলে কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি নিজের মেয়েকে দেখতে দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
