ডেঙ্গু মোকাবিলায় গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান
গাইবান্ধা প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংসে স্প্রে ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে জেলা পরিষদ কার্যালয় থেকে গাইবান্ধা সরকারি কলেজ পর্যন্ত সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
র্যালি শেষে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি মশার লার্ভা ধ্বংসে স্প্রে করেন। পরে গাইবান্ধা পৌরসভার তত্ত্বাবধানে কলেজ ক্যাম্পাসের চারপাশের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগার মেশিনের সাহায্যে পুরো ক্যাম্পাসে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের গাইবান্ধার উপপরিচালক সোলেমান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলামসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া সরকারি কলেজ থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কের দুই পাশের দোকানিদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
তাঁরা আরও বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
