তিনদিন পর সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি
তিনদিন বন্ধ থাকার পর আবারও সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রবিবার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়।

এসব জাহাজে ছিল ১ হাজার ৮৭০ জন পর্যটক। পরে সেন্টমার্টিনে আটকে থাকা তিন শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকে পড়েন। গতকাল শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরেছেন ১৩০০ পর্যটক।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে ছেড়ে যাওয়া পাঁচটি জাহাজে এক হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিনে গেছেন।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চালুর নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights