‘ধুরন্ধর’-এর রেকর্ড ভেঙে ১৪ দিনে ১,৫০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’
অনলাইন ডেস্ক
বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় বিশ্বব্যাপী ১ হাজার ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। একই সঙ্গে ভারতে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর লাইফটাইম নেট কালেকশনের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক হিসাব বলছে, মুক্তির ১৪ দিনে ভারতে ‘রামায়ণ’-এর নেট আয় দাঁড়িয়েছে ৮৪৪ কোটি ৪০ লাখ রুপি। অন্যদিকে, ‘ধুরন্ধর’-এর ভারতে লাইফটাইম নেট কালেকশন ছিল ৮৪০ কোটি ২০ লাখ রুপি। ফলে মাত্র দুই সপ্তাহেই আগের সিনেমাটির আয়কে ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’।
প্রতিবেদন অনুযায়ী, ১৪ দিনে ভারতে সিনেমাটির গ্রস আয় হয়েছে ১ হাজার ৯ কোটি ৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫১০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি।
মুক্তির ১৪তম দিনেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি। স্যাকনিল্কের প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই দিন ভারতের ২২ হাজার ২৮৯টি প্রদর্শনী থেকে ছবিটির নেট আয় হয়েছে ২৩ কোটি ২০ লাখ রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৬ কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া মালয়ালম থেকে ২ কোটি ১৫ লাখ, কন্নড় থেকে ১ কোটি ৬৫ লাখ, তামিল থেকে ১ কোটি ৬০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ১ কোটি ৩০ লাখ রুপি আয় হয়েছে।
গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমার প্রথম কিস্তি। এতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং ও লারা দত্ত।
সিনেমাটির দ্বিতীয় কিস্তি ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
