পল্লী উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
অনলাইন ডেস্ক
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও যুবদের অন্তর্ভুক্ত করতে দক্ষতা বৃদ্ধি ও জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভবনে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও বিআরডিবির আয়োজনে ‘সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অন্তর্ভুক্তি’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।
কর্মশালায় বিআরডিবির মহাপরিচালক এ কে এম তারেক বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। অন্যদিকে, সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী বলেন, উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি অতিরিক্ত কোনো কার্যক্রম নয়, বরং মৌলিক দায়িত্ব।
কর্মশালায় প্রতিবন্ধী শিশু ও যুবদের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের কার্যক্রমে অংশগ্রহণ, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এতে বিআরডিবির কর্মকর্তা, প্রতিবন্ধী যুব ও তাদের পরিবারের সদস্য এবং জাইকা ও সিরডাপের প্রতিনিধিরা অংশ নেন।
