পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে অষ্টম চীন মৈত্রী সেতুতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত চারজনের মধ্যে দুজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে মোট ৩ জনে দাঁড়িয়েছে। সোমবার রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন। এর আগে সন্ধ্যায় শান্ত নামে এক যুবক মারা গিয়েছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মারা যাওয়া শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় নিহত সাজিদ ও সুনান একই উপজেলার বাসিন্দা।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল ও পাঁচজন আরোহীকে সড়কে পড়ে থাকতে দেখেন তারা। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত অবস্থায় পান। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। খুলনায় মারা যায় সাজিদ ও সুনান। এ ঘটনায় ‎মো. মাহফুজুর রহমান (২৫) ও জয় নামে আরও দুজন খুলনায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রিজে একটি দুর্ঘটনার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে আসেন। এ ছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পেরেছেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রিমন জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights