বাংলাদেশ-জাপান বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির এক দ্বিপাক্ষিক বৈঠক আজ শুক্রবার জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের সাথে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যানুগত ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উভয়পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বড় বড় অনেক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং বর্তমানেও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও নতুন চুক্তি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights