বিদেশিদের প্রবেশ সহজ করলেও নিজ নাগরিকদের দেশত্যাগে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে চীন

অনলাইন ডেস্ক

বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে ভিসা ও প্রবেশের নিয়ম সহজ করছে চীন। তবে একই সময়ে নিজ নাগরিকদের দেশত্যাগে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে বেইজিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যে দেশের গুরুত্বপূর্ণ প্রযুক্তি, দক্ষ জনবল ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক সহযোগিতা ও উন্মুক্ততার প্রতিশ্রুতি দিলেও কারা দেশ ছাড়তে পারবেন, সে বিষয়ে চীন সরকারের নিয়ন্ত্রণ ক্রমেই বাড়ছে।

গত ১৫ সেপ্টেম্বর চীনে প্রবেশ ও দেশত্যাগসংক্রান্ত নতুন বিধিমালা কার্যকর হয়েছে। এর আওতায় শিল্প ও প্রযুক্তিগত নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে, এমন রপ্তানি নিয়ন্ত্রণ বা প্রযুক্তি আমদানি-রপ্তানির নিয়ম লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারবে কর্তৃপক্ষ।

এছাড়া বিদেশে চীনের জাতীয় নিরাপত্তা বা স্বার্থের ক্ষতি করে এমন বেআইনি কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেশত্যাগে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যাবে। ভ্রমণের উদ্দেশ্য যাচাইয়ে যাত্রীদের কাছে নথিপত্র ও ডিজিটাল তথ্যও চাইতে পারবেন অভিবাসন কর্মকর্তারা।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আলিবাবা ও ডিপসিকের মতো বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের বিদেশ ভ্রমণেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার স্বামী-স্ত্রী ও সন্তানদেরও বিদেশ ভ্রমণের আগে সরকারের অনুমতি নিতে হচ্ছে।

অন্যদিকে, বিদেশিদের জন্য ভ্রমণসুবিধা বাড়াচ্ছে চীন। বর্তমানে ৫০টি দেশের নাগরিকদের সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৫৭টি দেশের নাগরিকদের নির্দিষ্ট শর্তে ২৪০ ঘণ্টার ভিসামুক্ত যাত্রাবিরতির সুবিধা দেওয়া হচ্ছে।

এছাড়া ১ নভেম্বর থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (এপেক) ব্যবসায়িক ভ্রমণ কার্ডধারীদের চীনে অবস্থানের মেয়াদ ৬০ থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে বিদেশ থেকে পর্যটন ভ্রমণের সংখ্যা ছিল ১৫ কোটি ৪০ লাখ। ২০৩০ সালের মধ্যে বছরে এ সংখ্যা ১৯ কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে বেইজিং।

চীন সরকারের দাবি, দেশত্যাগসংক্রান্ত নতুন বিধিমালার উদ্দেশ্য জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নস্বার্থ রক্ষা করা। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, নতুন বিধিমালা কর্তৃপক্ষকে ইচ্ছামতো দেশত্যাগে বাধা দেওয়ার ব্যাপক ক্ষমতা দিয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভ্রমণের অধিকারের পরিপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights