বিশ্বজুড়ে ডিজিটাল বিপর্যয়ের নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ে বিমান চলাচল, ব্যাংকিং, যোগাযোগ ও নিরাপত্তাব্যবস্থা ব্যাহত হচ্ছে। কোথাও উড়োজাহাজ চলাচল বন্ধ, কোথাও ই-মেইল সার্ভার অচল, আবার কোথাও স্মার্টফোনের অ্যাপ কাজ করছে না। এসব ঘটনার পেছনে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নাকি পুরোনো প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতা- তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের বৈশ্বিক পরিষেবা বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এটিই ছিল যুক্তরাষ্ট্রে সবচেয়ে দীর্ঘস্থায়ী জাতীয় বিমান চলাচল বন্ধের ঘটনা।

পরে একই সপ্তাহে দেশটির বড় ব্যাংক, অ্যাপল এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রযুক্তিগত ব্যবস্থাতেও ত্রুটি দেখা দেয়। এছাড়া বিশ্বজুড়ে ১৭৮টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলার ঘটনাও শনাক্ত করেন গবেষকেরা।

তবে বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার বেশির ভাগই কোনও সমন্বিত হামলার অংশ নয়; বরং পুরোনো অবকাঠামোর দুর্বলতা, সফটওয়্যারের ত্রুটি এবং আকস্মিক কিছু ঘটনার সমন্বিত ফল।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বিপর্যয়ের পেছনে ছিল একটি ত্রুটিপূর্ণ রাউটার। ২০০২ সালে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের কাজ শুরু হয়। পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক কেবল বসানোর দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে নতুন রাউটার স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটির ত্রুটিতে দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণের যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ে। বাতিল হয় ১৮ হাজারের বেশি ফ্লাইট।

অন্যদিকে মাইক্রোসফটের ক্ষেত্রে গত জুলাইয়ে করা একটি সফটওয়্যার হালনাগাদে ত্রুটি থেকে যায়। কয়েক মাস পর কিছু ঘটনার সমন্বয়ে সেটি সক্রিয় হয়ে প্রতিষ্ঠানটির সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এতে বিশ্বজুড়ে মাইক্রোসফটের অধিকাংশ পরিষেবা ব্যাহত হয়।

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া এবং যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালে রোগীদের নথিতে প্রবেশও বাধাগ্রস্ত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের অগ্রগতিও পরিস্থিতিকে জটিল করে তুলছে। এআই প্রযুক্তি এখন সফটওয়্যারের দুর্বলতা দ্রুত শনাক্ত করতে পারছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে আগের তুলনায় অনেক বেশি গতিতে ত্রুটি সংশোধন করতে হচ্ছে। এতে নতুন হালনাগাদের মধ্যেও ভুলের ঝুঁকি বাড়ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমিসন ও’রিলি বলেন, এআইয়ের কারণে সফটওয়্যারের দুর্বলতা শনাক্তের গতি এত বেড়েছে যে প্রতিষ্ঠানগুলোকে এমন পরিমাণে ও দ্রুততার সঙ্গে নিরাপত্তা সংশোধনী প্রয়োগ করতে হচ্ছে, যার জন্য তাদের বিদ্যমান ব্যবস্থা তৈরি ছিল না।

এদিকে প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রতত্ত্ব ও আতঙ্কও ছড়াচ্ছে। কোথাও বিদেশি শক্তির সমন্বিত সাইবার হামলার দাবি করা হচ্ছে, কোথাও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা ছড়ানো হচ্ছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে জেনারেটর কেনা এবং যুক্তরাজ্যে জরুরি খাদ্যসামগ্রী মজুতের প্রবণতা বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভঙ্গুরতা সামনে এনেছে। একটি রাউটারের ত্রুটি কিংবা সফটওয়্যারের সামান্য ভুলও পুরো দেশের পরিবহন, যোগাযোগ ও নিরাপত্তাব্যবস্থাকে অচল করে দিতে পারে। পুরোনো অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি বিকল্প ব্যবস্থা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এখন জরুরি।

বিশ্ববিদ্যালয় অব নটর ডেমের অধ্যাপক মাইক চ্যাপল বলেন, একটি মাত্র স্থানে একটি যন্ত্রের ত্রুটিতে পুরো দেশের বিমান চলাচল যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার মতো নকশা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, গুরুত্বপূর্ণ অবকাঠামো এমনভাবে তৈরি করতে হবে, যাতে একটি অংশ অচল হলেও পুরো ব্যবস্থা ভেঙে না পড়ে। সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights