মতিঝিলে রেস্টুরেন্টকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিল এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ বুধবার মতিঝিলের এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার। মেঝে নোংরা-স্যাঁতসেঁতে, ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্র দেখা যায় এবং কোন প্রকার লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোষ স্বীকার করা হলে, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
