মাদকবিরোধী প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলার অভিযোগ
জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্থানীয়দের বিরুদ্ধে এক দম্পতি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা করেছেন। এ ঘটনায় মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, গত ৯ অক্টোবর পৌরসভার ছাদরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা শেফালী ও তার স্বামী সোহাগের সঙ্গে এলাকাবাসীর বিরোধ হয়। এর জেরে ওই দম্পতি এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করে।
এলাকাবাসীর অভিযোগ, মামলার প্রতিবাদ করায় তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধনে ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
এই ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. রুহুল আমিন মির্জা বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।মানববন্ধন থেকে বক্তারা মামলা প্রত্যাহার, মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
