রেকর্ড চুরমার করল জিটিএ-৬, প্রথম দিনেই আয় ২ বিলিয়ন ডলার ছাড়াল
অনলাইন ডেস্ক
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬। মুক্তির পরপরই ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ব্লকবাস্টার গেমটি বিনোদন জগতের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় ও সফল উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাজার বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত গেমটির ২ কোটি ৪৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে, যার মাধ্যমে আয় হয়েছে প্রায় ২.৩৬ বিলিয়ন মার্কিন ডলার। আয়ের এই বিশাল অঙ্ক কতটা অভাবনীয় তা বোঝা যায় চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আয়ের সাথে তুলনা করলে, কারণ সিনেমাটি প্রেক্ষাগৃহে তার পুরো প্রদর্শনীকালীন সময়ে আয় করেছিল ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।
গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এবং এর মূল কোম্পানি টেক-টু এখন পর্যন্ত বিক্রির আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও জানিয়েছে যে গেমটির চাহিদা একেবারেই ‘অভূতপূর্ব’। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে উভয় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রায় তিন দশক পুরোনো এই ক্রাইম সিমুলেটর ফ্র্যাঞ্চাইজিটির সর্বশেষ কিস্তি এটি। যা ইতিহাসের অন্যতম জনপ্রিয় গেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
মূলত আমেরিকান ড্রিমের প্রতি এক ধরনের ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত এই সিরিজের নতুন গেমটিতে খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’-তে পেশাদার অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন। এবারের গল্প আবর্তিত হয়েছে লুসিয়া এবং তার সঙ্গী জেসন নামের দুই ক্ষুদ্র অপরাধীকে ঘিরে। ধারণা করা হচ্ছে, জিটিএ ৬ তৈরি করতে ১ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমে পরিণত করেছে।
সেন্সর টাওয়ার জানিয়েছে, জিটিএ ৬ এতটাই জনপ্রিয় হতে চলেছে যে এর প্রভাবে অন্যান্য সিঙ্গেল-প্লেয়ার গেমগুলোতে গেমারদের ব্যয় করা সময় প্রায় ১০ শতাংশ কমে যাবে। গবেষণা সংস্থাটি প্রতিদিন লাখ লাখ মানুষের ইমেইল রিসিটের তথ্য এবং অন্যান্য পরিসংখ্যানগত উৎসের ওপর ভিত্তি করে এই হিসাব তৈরি করেছে। এছাড়া প্লেস্টেশন এবং এক্সবক্সের মতো প্রধান গেমিং প্ল্যাটফর্মগুলোতে যেখানে জিটিএ ৬ বর্তমানে পাওয়া যাচ্ছে, ব্যবহারকারীদের পাবলিক প্রোফাইলও তারা পর্যবেক্ষণ করেছে। সেন্সর টাওয়ারের তথ্যমতে, গেমটির মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশই হয়েছে প্লেস্টেশন ৫-এর জন্য এবং বাকি অংশ বিক্রি হয়েছে এক্সবক্সের জন্য। অন্যদিকে, গেমিং বাজার গবেষণা সংস্থা নিকো পার্টনার্সের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এই অঙ্কটি জিটিএ ৬-কে সর্বকালের সর্বোচ্চ আয় করা বিনোদন মাধ্যমগুলোর কাতারে নিয়ে গেলেও মুদ্রাস্ফীতি সমন্বয় করে আনুমানিক ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করা ১৯৩৯ সালের কালজয়ী সিনেমা ‘গন উইথ দ্য উইন্ড’-কে ছাড়িয়ে যেতে গেমটিকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।
আগামী বছরগুলোতে রকস্টার গেমস এই গেমটি থেকে আরও বিপুল পরিমাণ অর্থ আয় করবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্কভিত্তিক এই স্টুডিওটি এখনো জানায়নি যে কবে নাগাদ গেমটি পিসি বা কম্পিউটারের জন্য মুক্তি পাবে কিংবা এর মাল্টিপ্লেয়ার সংস্করণ কবে আসবে, যার মাধ্যমে খেলোয়াড়রা ইন্টারনেটের সাহায্যে একে অপরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন মিশনে অংশ নিতে পারবেন। ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫-এর অভিজ্ঞতা থেকে বলা যায়, মাল্টিপ্লেয়ার মোড গেমটিতে আরও কয়েক ডজন ঘণ্টা খেলার সুযোগ যোগ করবে এবং গেমাররা গেমের ভেতরে বাড়ি, গাড়ি ও অন্যান্য সুবিধা কিনতে বাস্তব অর্থ ব্যয় করায় রকস্টারের আয় বহুগুণ বেড়ে যাবে।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা এবং বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে এই ব্লকবাস্টার গেমটি নিয়ে মানুষের প্রত্যাশা তুঙ্গে পৌঁছেছিল। সমালোচকদের অনেকেই জিটিএ ৬-কে ইতিহাসের অন্যতম সেরা গেমিং অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম আইজিএন গেমটিকে একটি ‘আপসহীনভাবে নির্মিত’ মাস্টারপিস বলে বর্ণনা করেছে।
সূত্র: বিবিসি
