লভ্যাংশ বিতরণে অনিয়ম করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিএসইসি

বাসস

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঘোষিত লভ্যাংশের অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহের নির্দেশনা পালনে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের প্রস্তাব উপস্থাপনের আগে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা এজিএমে উপস্থাপন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে লভ্যাংশের প্রস্তাব এজিএমে উপস্থাপন করা যাবে না। এ লক্ষ্যে বিদ্যমান নির্দেশনা সংশোধন করা হবে।

বিএসইসি জানায়, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশের সম্পূর্ণ অর্থ এজিএমের অন্তত এক দিন আগে পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। এ বিষয়ে ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ তা এজিএমে উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সম্প্রতি কয়েকটি কোম্পানির ক্ষেত্রে এসব নির্দেশনা পালনে অনিয়ম পাওয়া গেছে।

এদিকে, তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ পরিচ্ছন্ন ঋণতথ্য প্রতিবেদন (ক্লিন সিআইবি রিপোর্ট) পাওয়ার শর্তে কমিশনের সম্মতি দেওয়া হবে।

এ ছাড়া যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত থেকে আগে অব্যাহতি পাওয়া কোনো স্বতন্ত্র পরিচালক অন্য তালিকাভুক্ত কোম্পানিতে নিয়োগ কিংবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রেও আগের অব্যাহতির সুবিধা পাবেন। এ জন্য নতুন করে কমিশনের কাছ থেকে অব্যাহতি নিতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights