স্বামীর বিরুদ্ধে সেই পাকিস্তানী নারীর যৌতুক মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

স্বামীর খোঁজে পাকিস্তান থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানী নারী মাহা বাজোয়ার আদালতে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীনের আদালতে স্বামী সাজ্জাদ হোসেন মজুমদারের বিরুদ্ধে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২’র পেশকার তাজুল ইসলাম জানান, এর আগে গত সোমবার ১০ লাখ টাকার যৌতুক মামলা দায়ের করেন মাহা বাজোয়া। আদালত শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেন। তাদের বিয়ের হলফনামার কপি দেখানোর কথা বললে মাহা বাজোয়া সেটি দেখালে বিচারক উক্ত আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পাকিস্তানের লাহোর প্রদেশের মুলতান রোডের সাকি স্ট্রিট সৈয়দপুরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে মাহা বাজোয়ার সঙ্গে দুবাইয়ে ১০ বছর আগে চুনারুঘাট উপজেলার উত্তর বাজার বড়াইলের সফিউল্লা মজুমদারের ছেলে সাজ্জাদ হোসেন মজুমদারের পরিচয় হয়। পরে তারা ৩০ লাখ টাকা দেনমোহরে বিয়েও করেন। তাদের সংসারে জান্নাত নামে আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর মাহা বাজোয়া ও সাজ্জাদ দুবাই, পাকিস্তান ও বাংলাদেশে বিভিন্ন সময়ে অবস্থান করেন। ২০১৮ সালে মাহা সাজ্জাদের বাড়িতে কয়েক মাস অবস্থান করেন। পরে মাহা বাজোয়া পাকিস্তানে চলে যাওয়ার পর স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

গত ১৭ নভেম্বর মাহা বাজোয়া পাকিস্তান থেকে স্বামীর বাড়িতে এসে অবস্থান নেন। স্বামী সাজ্জাদ মজুমদার তার স্ত্রীর প্রতি অবহেলা করার পাশাপাশি ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ৮ ডিসেম্বর যৌতুকের ১০ লাখ টাকা না দেওয়ায় মাহা বাজোয়াকে বাড়ি থেকে বের করে দেন সাজ্জাদ। পরে মাহা বাজোয়া বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর পেশকার তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights