১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার
অনলাইন ডেস্ক
দীর্ঘদিনের শরণার্থী সমস্যা সমাধানে উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে মালয়েশিয়া। বিদেশি আশ্রয়প্রার্থীদের অধিকাংশই মিয়ানমারের নাগরিক।
শুক্রবার মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
আহমাদ জাহিদ হামিদি বলেছেন, ‘সম্প্রতি তুরস্কে আমার সরকারি সফরের পর মন্ত্রিসভা মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ জন্য তাদের দক্ষতা উন্নয়নে একটি সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে।’
তিনি আরও জানান, এ পরিকল্পনা বাস্তবায়নে তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে মালয়েশিয়া।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
সূত্র: এএফপি ও আরব নিউজ
