‘আজ শুক্রবার রাত, হাতে যথেষ্ট সময়, ইরানে আরও একটু বোমা হামলা চালাব?’- ট্রাম্প
অনলাইন ডেস্ক
‘আজ শুক্রবার রাত। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমার আর কী করার আছে? ফিরে গিয়ে ইরানে আরও একটু বোমা হামলা চালাব?’—ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ ক্যারোলাইনায় এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইরানে আরও হামলা চালানোর প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালি সংলগ্ন পুরো অঞ্চল ও এর ভেতরের স্থলভাগের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে অত্যন্ত আগ্রহী। তবে তাঁর মতে, ‘সঠিক চুক্তি’ করার জন্য এখনো প্রস্তুত নয় তেহরান।
মার্কিন সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সামনে কী হয়, তা যুক্তরাষ্ট্র দেখছে।
এরপর হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা জিতেছি কি না, সেটাও জানি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবেই দেখছি।’
বক্তব্যের একপর্যায়ে ‘দ্য স্নেক’ কবিতাও আবৃত্তি করেন ট্রাম্প। অভিবাসনবিরোধী নীতির কথা তুলে ধরতে নির্বাচনী সমাবেশগুলোতে তিনি প্রায়ই এই কবিতাটি ব্যবহার করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান ও তেহরানের ওপর আরোপিত সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে শুধু ইরানের বিরুদ্ধে নয়, বিশ্বের সব জাতির বিরুদ্ধে একটি ‘যুদ্ধের ঘোষণা’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্য এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় অঞ্চলটির ভূরাজনীতি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: গার্ডিয়ান
