আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ তেলের দাম কমেছে

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আগামী সপ্তাহেও ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। আগামী ২৯ নভেম্বর তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের বৈঠককে সামনে রেখে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই বৈঠকে ২০২৭ সালের তেল উৎপাদনের পরিমাণ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি হওয়ার আশঙ্কায় দাম কমার চাপ রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা তেলের দাম বাড়িয়ে দিতে পারে।

রেলিগেয়ার ব্রোকিংয়ের গবেষণা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অজিত মিশ্র জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ থেকে ৯৬ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। এ ক্ষেত্রে ওপেক প্লাসের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চলতি ত্রৈমাসিকে বিশ্ববাজারে দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল অতিরিক্ত তেল সরবরাহ হতে পারে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উৎপাদন পুনরুদ্ধার এবং হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ অপরিশোধিত তেলের দাম কমেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ৪৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, জানুয়ারিতে সরবরাহের জন্য ব্রেন্ট তেলের আগাম চুক্তির দাম ৩ দশমিক ৪১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমেছে।

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও ডিসেম্বরে সরবরাহের জন্য অপরিশোধিত তেলের আগাম চুক্তির দাম গত সপ্তাহে ৭ দশমিক ০৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি সাত হাজার ৬৯৫ রুপিতে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমতে থাকলে মূল্যস্ফীতি, টাকার ওপর চাপ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যয় কমতে পারে। তবে হরমুজ প্রণালি ঘিরে সংঘাত বাড়লে দাম আবার বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার বিষয়ে সিদ্ধান্ত পিছিয়েছেন। কাতারের মধ্যস্থতায় আলোচনাও চলছে।

অন্যদিকে, আগামী বছর বিশ্ববাজারে অতিরিক্ত তেল সরবরাহের আশঙ্কার কথা জানিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights