চীনের এআই খাতে ধস, শি জিনপিংয়ের জন্য বড় বিপদ
অনলাইন ডেস্ক
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারের ব্যাপক দরপতন দেশটির অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে। এতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অর্থনৈতিক পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইয়ারদেনি রিসার্চ। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, চীনে এআই-সংশ্লিষ্ট শেয়ারের দামে বড় পতন ঘটেছে।
মার্কিন সাময়িকী ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মকালে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর চীনের প্রযুক্তিভিত্তিক স্টার ৫০ শেয়ারসূচক ৪৪ শতাংশ কমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নাসডাক সূচক রেকর্ড উচ্চতা থেকে ১৮ শতাংশ নেমেছে।
ইয়ারদেনি রিসার্চের বিশ্লেষণ অনুযায়ী, শি জিনপিং চীনের সাধারণ মানুষকে আবাসন খাতের পরিবর্তে শেয়ারবাজারে সঞ্চয়ের অর্থ বিনিয়োগে উৎসাহিত করতে চান। এর মাধ্যমে এআই খাতে অর্থায়ন বাড়ানো এবং আবাসন খাতের ওপর অর্থনীতির নির্ভরতা কমানোর পরিকল্পনা রয়েছে তার।
কিন্তু শেয়ারবাজারের দরপতন সেই পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলেছে।
চীনের পরিবারগুলোর মোট সম্পদের প্রায় ৭০ শতাংশ আবাসন খাতের সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের আবাসন সংকট মানুষের ভোগব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে দেশটিতে মাঝেমধ্যে পণ্যের সার্বিক মূল্যস্তরও কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আবাসন খাতে বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ কমেছে।
অভ্যন্তরীণ বাজার দুর্বল থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কম দামে বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ওপর নির্ভর করছে চীন। পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ব্যাংকগুলোর মাধ্যমে শেয়ারবাজারে অর্থ সরবরাহ করছে সরকার।
ইয়ারদেনি রিসার্চের মতে, চীনের শেয়ারবাজারে দরপতনের পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাপক প্রতিযোগিতা, করের বোঝা বৃদ্ধি, জ্বালানির বাড়তি ব্যয়, আমদানি শুল্ক এবং কম দামে চীনা পণ্য রপ্তানিতে অন্য দেশগুলোর সম্ভাব্য বাধা।
গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, এআই খাতে অর্থায়ন অব্যাহত রাখতে চীনের একটি শক্তিশালী শেয়ারবাজার প্রয়োজন। তা না হলে এআই খাত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আওতায় চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে বেসরকারি খাতের কার্যক্রম আরও সংকুচিত হতে পারে।
ইয়ারদেনি রিসার্চ বর্তমান পরিস্থিতিকে শি জিনপিংয়ের জন্য ‘প্রকৃত বিপদের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটির মতে, এআই খাতের বিনিয়োগে তৈরি হওয়া বুদ্বুদ ফেটে গেলে শুধু বিনিয়োগকারীদের সম্পদ কমবে না, চীনের অর্থনীতিতে আবাসন খাতের পরিবর্তে শেয়ারবাজারকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও দুর্বল হয়ে পড়বে।
এদিকে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং চলতি মাসে জানিয়েছেন, বছরের বাকি সময়ে পুঁজিবাজার স্থিতিশীল রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
