কেন চলছে না সিনেমা

বাংলাদেশের চলচ্চিত্রে খরা চলছে দীর্ঘ প্রায় দুই দশক ধরে। পর্যাপ্ত পরিমাণে ও মানসম্মত চলচ্চিত্রের অভাবে সিনেমা হলবিমুখ হয়ে পড়েছেন দর্শক। এতে লোকসান গুনে নব্বই দশকের শেষ দিকে দেশে থাকা প্রায় ১৪০০ সিনেমা হলের জায়গায় এখন আছে অর্ধশতাধিকের মতো। কয়েক বছর ধরে প্রযোজকরা ছবি মুক্তি দেন শুধু বছরের দুই ঈদে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রদর্শকরা। কারণ, তাঁরা সারা বছর ছবি চান। এ নিয়ে প্রযোজক ও প্রদর্শক কী বলেন তা তুলে ধরেছেন – আলাউদ্দীন মাজিদ

চলচ্চিত্রে খরাশাকিবের ছবিও এখন ব্যবসা করছে না

-আওলাদ হোসেন উজ্জ্বল (সভাপতি, প্রদর্শক সমিতি)

‘শাকিব খান অভিনীত সিনেমাও এখন কাক্সিক্ষত ব্যবসা করছে না। গত দুই ঈদে এই নায়ক অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাই তার প্রমাণ। কিন্তু প্রায় ১ দশক ধরে সিনেমা হল মালিকরা সারা বছর কোনো সিনেমা কিংবা শাকিব ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা চলুক বা না চলুক স্বাভাবিক সময় অথবা ঈদে শাকিবের সিনেমা চলবেই, এ ভরসায় শাকিবের সিনেমার জন্য মুখিয়ে থাকত। কিন্তু গত রমজানের ঈদে শাকিবের “প্রিন্স” প্রদর্শন করতে গিয়ে প্রায় শতাধিক সিনেমা হলের মালিক বড় অঙ্কের লোকসান গুনে অনেকে নিঃস্ব হয়েছেন। এরপর গত ঈদুল আজহায় শাকিবের “রকস্টার” আহামরি ব্যবসা করতে পারেনি। কারণ, এসব সিনেমায় ছিল ত্রুটিপূর্ণ কাজ এবং গল্প দুর্বল। তাই সিনেমা হল বাঁচাতে এখন শুধু শাকিবের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না, দরকার উন্নত গল্প, নির্মাণ এবং নতুন নায়ক তৈরি করা। তা না হলে বিদেশি সিনেমা আমদানির অনুমতি দেওয়া প্রয়োজন সরকারের। যদি সিনেমা হল মালিকদের এসব চাওয়া পূরণ করা না হয় তা হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি সিনেমা হলও থাকবে না।’ বেশ উদ্বেগ নিয়েই কথাগুলো বললেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি আরও বলেন, সিনেমার ব্যবসা বাঁচাতে সরকারকে ইটিকেটিং ব্যবস্থা চালু ও এফডিসিতে সেন্ট্রাল সার্ভার স্থাপনের ব্যবস্থা করতে হবে। এতে প্রযোজকদের নিরাপত্তাও নিশ্চিত হবে। একই সঙ্গে অতিসত্বর বিদেশি সিনেমা আমদানিরও অনুমতি দিতে হবে। সিনেমা হল মালিকদের এ কর্মকর্তা উদ্বেগ জানিয়ে বলেন, বিদেশি সিনেমা আমদানি করলে সরকার রাজস্ব পায় কিন্তু এ দেশের সিনেমা সাম্প্রতিক সময়ে অহরহ যে বিদেশে রপ্তানি করা হচ্ছে তাতে যে সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে না এ বিষয়টি কেন সরকার আমলে নিচ্ছে না। এ কর্মকর্তা আরও বলেন, একটি সিনেমার বিশেষ করে সব টেকনিক্যাল কাজের জন্য এখনো বিদেশ যেতে হয়। এতে করে দেশের অর্থের অপচয়, সিনেমা নির্মাণে অতিরিক্ত ব্যয় ও সময় লেগে যায়। তাই সরকার যদি এফডিসি ও কবিরপুর ফিল্ম সিটিতে টেকনিক্যাল সাইডের যন্ত্রপাতি আনার ব্যবস্থা করে দেয় তাহলে চলচ্চিত্র নির্মাণে নির্মাতারা লাভবান হবেন এবং এ দেশ চলচ্চিত্র নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্মাতাদের শুধু ঈদে কেন সিনেমা মুক্তি দিতে হবে, মানসম্মত সিনেমা তৈরি করতে পারলে তা সারা বছরই দর্শক দেখবেন। তিনি আরও বলেন, এখন ঈদে যেসব সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে সেগুলোও দর্শকের নজর কাড়তে পারছে না, এর জলন্ত উদাহরণ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া একটি সিনেমাও ব্যবসা না করা। কারণ মান নেই।

চলচ্চিত্রে খরাঈদকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে

-খোরশেদ আলম খসরু (সাবেক কর্মকর্তা, প্রযোজক সমিতি)

‘কয়েক বছর ধরেই আমাদের দেশে চলচ্চিত্র মুক্তি হয়ে পড়েছে ঈদকেন্দ্রিক। চলচ্চিত্রজগৎকে টিকিয়ে রাখার স্বার্থে এ অবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। শুধু ঈদে সিনেমা মুক্তি দিলে প্রদর্শক, প্রযোজক, দর্শক-সবাই সমানভাবে ক্ষতির মুখে পড়েন।’ উদ্বেগ নিয়ে কথাগুলো বললেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক কর্মকর্তা খোরশেদ আলম খসরু। তিনি বলেন, নির্মাতাদের বুঝতে হবে যে, শুধু ঈদে সিনেমা মুক্তি দিলে সারা বছর সিনেমা হলের বাতি জ্বলবে না। ফলে লোকসান গুনে সিনেমা হল বন্ধ করে দিতে তাঁরা বাধ্য হন। এটি চলচ্চিত্রজগতের জন্য অপূরণীয় ক্ষতি। নির্মাতারা ইদানীং কেন যে শুধু ঈদে সিনেমা মুক্তির জন্য দৌড়ঝাঁপ করেন তা বুঝতে পারছি না। দেখা গেছে, ঈদে বেশি সিনেমা মুক্তি দিলে যেসব সিনেমা বেশি ভালো হয় সিনেপ্লেক্স সেগুলোর শো বাড়িয়ে দিয়ে অন্যগুলোর শো কমিয়ে দেয় বা প্রদর্শন বাতিল করে। এতে ক্ষতির মুখে পড়েন সব সিনেমারই প্রযোজক। অন্য সময় সিনেমা মুক্তি দিলে তেমন একটা মান না থাকলেও সেই সিনেমা কোনোভাবে কিছুটা হলেও লগ্নি তুলে আনতে পারে।

এ বিষয়টি নির্মাতাদের অনুধাবন করা জরুরি। ‘উৎসবে মুক্তি দিলে আহামরি মুনাফার মুখ দেখা যাবে’-এই অমূলক ধারণা থেকে প্রযোজকদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। অন্যদিকে বিগ বাজেটের মানসম্মত সিনেমা পেতে হলে সিনেমা হল ও সিনেপ্লেক্স বৃদ্ধি ও আধুনিকায়ন এবং মৌসুমি সিনেমা হলগুলো সারা বছর চালু রাখতে হবে। তাহলে প্রযোজক বেশি প্রদর্শনের স্থান পেয়ে বিগ বাজেটের মানসম্মত সিনেমা নির্মাণ করতে সাহস পাবেন এবং সারা বছর সিনেমা মুক্তি দিতে এগিয়ে আসবেন। নির্মাতাদের মনে রাখতে হবে, সিনেমাকে দর্শকগ্রহণযোগ্য করতে দক্ষ নির্মাতা, শিল্পী, কলাকুশলী, মানসম্মত গল্প ও উন্নত টেকনিক্যাল সাইডের বিকল্প নেই। আমাদের চলচ্চিত্রশিল্পে আধুনিক প্রযুক্তির সিনেমা নির্মাণে এখনো যন্ত্রপাতির অভাব রয়েছে। তাই বিদেশে গিয়ে প্রচুর সময় ও অর্থ ব্যয় করে এ কাজ করতে হয়। এফডিসি কর্তৃপক্ষ আধুনিক যন্ত্রপাতি আনার ব্যবস্থা করছে। যদি এ ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন হয় তাহলে নির্মাতাদের জন্য তা অবশ্যই মঙ্গলজনক হবে। প্রদর্শকদের চাহিদা অনুযায়ী, ইতঃপূর্বে এ দেশে ভারতীয় সিনেমা আমদানি করা হয়েছিল। এতে কতটা সুফল পাওয়া গিয়েছিল তা পর্যালোচনার বিষয়, তাই আমি বলব আবার বিদেশি সিনেমা আমদানির আবেদন করার আগে সম্মিলিতভাবে চলচ্চিত্রকারদের বিষয়টি নিয়ে আলোচনায় বসা দরকার। আমি বলব, প্রযোজক ও প্রদর্শক উভয়ে একে অপরের পরিপূরক। তাই উভয়ে যদি আলোচনার মাধ্যমে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় তবে তা হবে আমাদের চলচ্চিত্রের প্রকৃত উন্নয়নের পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights