আবারও লোকালয়ে গুলিবিদ্ধ হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। শনিবার সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে আশ্রয় নেয় হাতিটি। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় লোকজন সেটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চালান।
বাহারছড়া ইআরটি দলের সভাপতি হাবিব হোসেন জানান, হাতিটির পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গত ১৮ নভেম্বর বন বিভাগের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া গুলিবিদ্ধ হাতিটিই এটি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হাতিটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই গভীর বনে ফেরানোর চেষ্টা চলছে। এ জন্য সাধারণ মানুষকে হাতিটির কাছাকাছি না যাওয়া ও বিরক্ত না করার অনুরোধ জানান তিনি। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন।
স্থানীয়দের ভাষ্য, হাতিটি ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। ধীরে ধীরে বনের কাছাকাছি গেলেও এখনো পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের আশপাশেই অবস্থান করছে। হাতিটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করছেন।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আহত হাতিটি আবারও লোকালয়ে চলে আসায় সেটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তখন তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে টেকনাফের শীলখালী ও জাহাজপুরা গর্জন বাগান এলাকায় পায়ে গুরুতর আঘাত নিয়ে একটি বন্যহাতিকে লোকালয়ে ঘুরতে দেখা যায়। পরে ১৮ নভেম্বর কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি দল অভিযান চালিয়ে হাতিটিকে অচেতন করে চিকিৎসা দেয়। সে সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন ও গুলির খোসা পাওয়া যায়। বারবার বন্যহাতির লোকালয়ে চলে আসা ও আহত হওয়ার ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
