এবিজি মিডিয়া কাপের প্রাইজমানির ঘোষণায় আসছে চমক
অনলাইন ডেস্ক
মাঠে গড়ানোর আগে দেশের ৪৮টি মিডিয়া হাউস নিয়ে আয়োজন হতে যাওয়া এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের লড়াইয়ের আগে প্রাইজমানি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরস্কারের অঙ্ক কি ২০ লাখ, নাকি ২৫ লাখ, নাকি এর চেয়েও বেশি? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
আয়োজকদের পক্ষ থেকে বড় অঙ্কের পুরস্কারের আভাস দেওয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন অংশগ্রহণকারী দলগুলোর সদস্যসহ পুরো মিডিয়া অঙ্গন। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) আয়োজনে এবং বসুন্ধরা সিটি-২ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রাইজমানি দেশের যেকোনো টুর্নামেন্টের চেয়ে সবচেয়ে বেশি।
টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘এবার জার্সি গায়ে মাঠ মাতানোর অপেক্ষা… খেলা হবে, বন্ধুত্ব হবে, জয় হবে ক্রীড়ার!’
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনাতে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রাইজমানির অঙ্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
আয়োজকরা বলছেন, এবারের টুর্নামেন্টে প্রাইজমানির পরিমাণ এমন হতে পারে, যা দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দেবে। তবে চূড়ান্ত অঙ্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ১৫ লাখ কিংবা ২৫ লাখ টাকার সম্ভাবনা ঘিরেই চলছে আলোচনা। এমনকি প্রাইজমানি ২৫ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ারও আভাস পাওয়া যাচ্ছে।
শুধু ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের জন্যই নয়, আয়োজনকে ঘিরে কনটেন্ট নির্মাতাদের জন্যও থাকছে বড় পুরস্কার। টুর্নামেন্ট নিয়ে তৈরি করা কনটেন্টের মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরকে দেওয়া হবে তিন লাখ টাকা।
এর মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রচার-প্রচারণায় ডিজিটাল কনটেন্ট নির্মাতাদেরও যুক্ত করতে চায় আয়োজক কমিটি।
এ ছাড়া টুর্নামেন্ট ঘিরে ফ্রিল্যান্সার ও আলোকচিত্রীদের অংশগ্রহণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের তোলা ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মাঠের খেলার পাশাপাশি টুর্নামেন্টের নানা মুহূর্ত, খেলোয়াড়দের প্রস্তুতি ও প্রতিযোগিতার পরিবেশও গণমাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
জানা গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের দুপুর ১টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তাদের জন্য জার্সি উন্মোচন ও ফ্যাশন শোর মহড়ার আয়োজন রাখা হয়েছে। মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল ৩টায়। এতে অংশগ্রহণকারী প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক অথবা ক্রীড়া সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন প্রতিবেদক এবং একজন ক্যামেরাম্যান বা আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি।
