ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে সাজাতে চায় রাশিয়া?

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা চললেও নতুন করে ইউরোপের নিরাপত্তাকাঠামো নিয়ে শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া।

দেশটির দাবি, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে হলে ন্যাটোকে পূর্ব ইউরোপের সদস্যদেশগুলো থেকে সামরিক উপস্থিতি কমাতে হবে এবং নতুন সদস্য গ্রহণের নীতি থেকে সরে আসতে হবে।

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে শুধু ইউক্রেন যুদ্ধের সমাধান নয়, বরং ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থায় নিজেদের অনুকূলে পরিবর্তন আনতে চাইছে মস্কো।

চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরু হয়। তবে যুদ্ধবিরতির রূপরেখা তৈরির পরিবর্তে রাশিয়া ইউরোপের নিরাপত্তাকাঠামো পুনর্গঠনের বিষয়টি সামনে এনেছে।

এ ধরনের দাবি অবশ্য নতুন নয়। ২০২১ সালের ডিসেম্বরে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে দুটি খসড়া চুক্তি পাঠিয়েছিল রাশিয়া। এতে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ, ১৯৯৭ সালের আগের অবস্থানে পূর্ব ইউরোপে সামরিক অবকাঠামো ফিরিয়ে নেওয়া এবং ইউরোপ থেকে মার্কিন পারমাণবিক অস্ত্র প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। ওয়াশিংটন এসব দাবি প্রত্যাখ্যান করলেও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ও সামরিক স্বচ্ছতা নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছিল।

বর্তমানে মস্কোর দাবির তালিকায় আরও যুক্ত হয়েছে ইউক্রেনকে ইউরোপের সামরিক সহায়তা বন্ধ, দেশটির ভূখণ্ডে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ, ফিনল্যান্ডের ন্যাটো ত্যাগ এবং ইউরোপীয় মিত্রদের জন্য ব্রিটেন ও ফ্রান্সের পারমাণবিক সুরক্ষা প্রত্যাহারের বিষয়।

বিশ্লেষকদের একাংশের মতে, আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে রাশিয়া শুরুতেই বড় দাবি তুলছে, যাতে শেষ পর্যন্ত কিছু ছাড় আদায় করা যায়। যুদ্ধ-পরবর্তী সময়ে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণে সেনা চলাচলের স্বচ্ছতা, সামরিক যোগাযোগ এবং অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতার সুযোগও রয়েছে।

তবে অন্য ব্যাখ্যায় বলা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের মূল বিষয় থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে বৃহৎ শক্তিগুলোর আলোচনায় নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চাইছে মস্কো। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাশিয়ার এই কৌশল ইউক্রেন ও ইউরোপকে কূটনৈতিকভাবে আরও কোণঠাসা করতে পারে।

ইউরোপীয় দেশগুলো এখনও আলোচনার টেবিলে কার্যকরভাবে জায়গা পায়নি। অথচ ইউরোপের নিরাপত্তাব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাই ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি পুরো মহাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights