চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭১

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রবিবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭০ জন, পূর্ববর্তী মামলায় ৫৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ৮৮ জন ও সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে মাদক মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই মাদকসেবী। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা। এ সময় ১৮টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ২৪ হাজার ৭০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে ৩, কক্সবাজারে ১, কুমিল্লায় ২, ব্রাহ্মণবাড়িয়ায় ১ এবং ফেনীতে ৯ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৪১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৪৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৭৮, কক্সবাজারে ২৩, কুমিল্লায় ১৯৩, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, চাঁদপুরে ৭৭, নোয়াখালীতে ১২, ফেনীতে ১১, লক্ষ্মীপুরে ৪৬, রাঙামাটিতে ১৮, খাগড়াছড়িতে ৬ এবং বান্দরবানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights